উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বিএসপি দলের প্রধান মায়াবতী বলেছেন, ‘বিজেপি রাজত্বে মুসলিমদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে। মুসলিমরা তাদের জান-মাল নিয়ে উদ্বিগ্ন। সাম্প্রদায়িক শক্তি মজবুত হওয়ায় গরু রক্ষা, ‘লাভ জিহাদ’, ধর্ম পরিবর্তন এবং দেশপ্রেমের নামে তাদের নির্যাতন করা হয়েছে। সন্ত্রাসবাদের নামে মুসলিমদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। বিএসপি এর নিন্দা জানাচ্ছে।
মায়াবতী আজ (রোববার) উত্তর প্রদেশের আজমগড়ে দলীয় বিশাল সমাবেশে ওই মন্তব্য করেন। মায়াবতী কেন্দ্রীয় বিজেপি সরকার, কংগ্রেস এবং উত্তর প্রদেশে ক্ষমতাসীন সপা সরকারেরও তীব্র সমালোচনা করেন। যদিও তিনি আজ সরাসরি বিজেপিকেই বেশি টার্গেট করেন। মায়াবতী আজ জনতাকে সতর্ক করে বলেন, ‘নিজেদের ব্যর্থতা চাপা দিতে কেন্দ্রীয় সরকার যেকোনো স্তর পর্যন্ত যেতে পারে।’
তিনি বলেন, ‘এ রকম শোনা যাচ্ছে যে, মানুষের নজর ঘোরাতে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার উত্তর প্রদেশে নির্বাচনে জয়ী হতে কাশ্মির এবং সন্ত্রাসবাদকে ইস্যু করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে পর্যন্ত যেতে পারে। বিজেপির লোকেরা দাঙ্গাও বাঁধাতে পারে।’
মায়াবতী বলেন, ‘বিজেপি যখন দিল্লির আইন-শৃঙ্খলা সামলাতে পারছে না তখন উত্তর প্রদেশকে কীভাবে সামলাবে? উত্তর প্রদেশ দিল্লির চেয়েও অনেক বড় রাজ্য।’
তিনি বলেন, ‘উন্নয়ন নিয়ে বিজেপি মিথ্যা কথা বলছে। বিজেপি স্রেফ আরএসএসের মতাদর্শে চলছে। উত্তর প্রদেশে বিজেপি’র হাল এতই খারাপ যে, বিএসপি’র পরিত্যক্ত মালকেও কোনো জানাশোনা ছাড়াই দলে নিতে প্রস্তুত।’
মায়াবতী আজ কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদিকে দলিত বিরোধী বলে আখ্যা দেয়ার পাশাপাশি রোহিত ভেমুলা এবং গুজরাটের উনার ঘটনা তুলে ধরেন।
উত্তর প্রদেশে ক্ষমতাসীন সপা সরকারের সমালোচনা করে মায়াবতী বলেন, ‘সপা সরকার অপরাধ এবং বিশৃঙ্খলার সরকার। এখানে গুন্ডা, বদমায়েশ এবং সাম্প্রদায়িক লোকেদের রাজত্ব চলছে। আমরা মুজাফফর নগর দাঙ্গা, দাদরি এবং বুলন্দশহর কাণ্ডের কথা ভুলতে পারি না।’
বিএসপি নেত্রী মায়াবতী দলিত এবং মুসলিম ভোটকে সংহত করে আসন্ন নির্বাচনি লড়াইতে বিরোধীদের চ্যালেঞ্জ জানাবেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

No comments:
Post a Comment